আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট এর মাধ্যমে সংসদ নির্বাচনে ভোটের সুযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আর ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পুরোপুরি বন্ধের সিদ্ধান্তও চূড়ান্ত।
বৃহস্পতিবার (১০ জুলাই) অষ্টম কমিশন সভা শেষে কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, আইটি বেজড পোস্টাল ব্যালট পদ্ধতিতে এক ব্যালটে সব প্রতীক ছাপিয়ে দুই মাস আগে প্রবাসে পাঠানো হবে। ভোটাররা অনলাইনে নিবন্ধন করে ব্যালট ফিরিয়ে দেবেন।
৪৮ কোটি টাকার প্রকল্প
প্রবাসীদের ভোট ফিরিয়ে আনতে ৪৮ কোটি টাকার প্রকল্প নেওয়া হচ্ছে। তিন সপ্তাহ প্রচারের মাধ্যমে প্রবাসী ভোটারদের সচেতন করা হবে। আগের পোস্টাল ব্যালটে অংশগ্রহণ কম থাকলেও এবার আইটি নির্ভর পদ্ধতিতে ভোট আসবে বলে আশা করছে কমিশন।
ইভিএম আর নয়।
নির্বাচনে স্বচ্ছতা আনতে ইভিএম ব্যবহার হলেও কাঙ্ক্ষিত ফল না মেলায় ইসি এবার থেকে জাতীয় ও স্থানীয়—কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার করবে না।
ভোট বাতিলের ক্ষমতা বাড়ছে।
ভোট অনিয়ম হলে শুধু কেন্দ্র নয়, পুরো সংসদীয় আসনের ভোট বাতিলের ক্ষমতা ফেরাতে চায় নির্বাচন কমিশন। এ ক্ষমতা ফেরাতে শিগগিরই সরকারের কাছে প্রস্তাব যাবে।
জুলাইয়ের শেষে অথবা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে।
,