আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মিরপুরে আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় উপলক্ষে আদালত প্রাঙ্গণে এসে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন জুলাই আন্দোলনে নিহত মিরাজুল ইসলাম মিরাজের বাবা আব্দুস সালাম। তিনি বলেন, শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, সেই রায় যেন দ্রুত কার্যকর করা হয়—এটাই তাদের পরিবারের প্রধান দাবি।
আব্দুস সালাম সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, বিচার যেন দীর্ঘসূত্রিতায় না পড়ে এবং কোনোভাবেই আইনের ফাঁকফোকর দিয়ে অপরাধীরা রেহাই না পায়, সেটি নিশ্চিত করতে হবে। তার মতে, বিচার প্রক্রিয়া দীর্ঘ হলে অনেক পরিবার ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা থাকে।
তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে নিহতদের ঘটনাসহ বিভিন্ন হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে তিনি উদ্বিগ্ন। ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য থাকা সত্ত্বেও কেন অনেক মামলার অগ্রগতি ধীর, সে প্রশ্নও তোলেন তিনি।
মিরাজের বাবা জানান, তার ছেলে পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্ব পালন করতেন এবং আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ছেলের মৃত্যুর পর থেকে পরিবারটি চরম সংকটে পড়েছে বলেও তিনি উল্লেখ করেন।
আব্দুস সালাম বলেন, যারা হত্যাকাণ্ডে জড়িত তাদের অবশ্যই আইনের আওতায় এনে দ্রুত বিচার শেষ করতে হবে। তার দাবি, বিচার শুধু ঘোষণায় সীমাবদ্ধ না রেখে বাস্তবায়ন নিশ্চিত করতে হবে, যাতে অন্য পরিবারগুলোও ন্যায়বিচারের আশা পায়।