আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কয়েকদিন আগেই প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যু ও হাজারো মানুষের আহত হওয়ার পর আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে আফগানিস্তান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ৬ দশমিক ২ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটি মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। তবে নতুন এই কম্পনে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ভারতের দিল্লিভিত্তিক সংবাদমাধ্যম মিন্ট জানিয়েছে, ভূমিকম্পের তীব্রতা এতটাই শক্তিশালী ছিল যে এটি দিল্লি, জম্মু ও কাশ্মিরসহ আশপাশের এলাকায়ও অনুভূত হয়। কম্পনের আতঙ্কে হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে ভারতে এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত ২ হাজার ২০০ মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৬০০ জন। ধসে পড়েছে অসংখ্য গ্রামের ঘরবাড়ি, ফলে কয়েক হাজার মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
সূত্র: আন্তর্জাতিক গণমাধ্যম