আওয়ার টাইমস নিউজ।
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ীর জামিয়া মাহমুদিয়া মাদরাসায় আয়োজিত ‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীদের বীরোচিত ভূমিকা তুলে ধরে এক অনুপ্রেরণামূলক বক্তব্য দিয়েছেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান।
তিনি বলেন, “ফ্যাসিবাদবিরোধী ১৫ বছরের দীর্ঘ সংগ্রামে আলেম-ওলামা ও মাদরাসা শিক্ষার্থীরা যে আত্মত্যাগ ও দৃঢ় ভূমিকা পালন করেছেন, তা দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। শাপলা চত্বরের রক্তাক্ত আন্দোলন থেকেই এ দেশের ফ্যাসিবাদবিরোধী সাংস্কৃতিক বয়ানের শুরু হয়েছিল, যা চব্বিশের বিপ্লবে এসে বিজয়ী হয়েছে।”
মাহমুদুর রহমান সতর্ক করেন, “এখনো ভারতীয় আধিপত্যবাদ দেশের রাজনীতিকে প্রভাবিত করতে চায়। অনৈক্যের সুযোগে শেখ হাসিনার ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে আসতে পারে। তাই দেশের সকল রাজনৈতিক শক্তিকে দেশের স্বাধীনতা, জনগণের অধিকার ও ৯০% মুসলিম জনতার স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
শহীদ পরিবারের ন্যায্য বিচার দাবি করে তিনি বলেন, “সরকার যেন অবিলম্বে শহীদ পরিবারের সকল দাবিদাওয়া মেনে নিয়ে হত্যাকারীদের বিচারের কাজ শেষ করে।”
অনুষ্ঠানে বক্তব্য দেন অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, শহীদ পরিবারের সদস্য, বিশিষ্ট আলেম-ওলামা ও সমাজের প্রথিতযশা ব্যক্তিরা।
‘মাদরাসা রেজিস্ট্যান্স ডে’ উপলক্ষে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত বিশাল সমাবেশে হামদ, নাত, নাশিদ, কবিতা আবৃত্তি, প্রতিবাদী গান এবং তথ্যচিত্র প্রদর্শনীও ছিল। মাদরাসা ছাত্র-শিক্ষক, জনতা ও শপথ নেওয়া নতুন প্রজন্মের মুখে মুখে ছিল একটাই অঙ্গীকার—আর কখনো ফ্যাসিবাদকে ফিরে আসতে দেওয়া যাবে না।
অনুষ্ঠানটি শেষ হওয়ার কথা ছিল রাত ১১টায়, কিন্তু উত্তরায় মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় দোয়া ও মাগফিরাত কামনার মাধ্যমে অনুষ্ঠানটি আগেই শেষ করা হয়।