আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দুর্ঘটনা, অসুস্থতা বা যৌক্তিক কারণে নির্ধারিত হজ ফ্লাইটে যেতে না পারলে যাত্রীদের বিমান ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হজ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়েছে, হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী এসব ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
চিঠিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদিয়া এয়ারলাইনস এবং ফ্লাইনাস এয়ারলাইনসকে নির্দেশ দেওয়া হয়, কোনো হজযাত্রী দুর্ঘটনা, গুরুতর অসুস্থতা, ভিসা জটিলতা বা অন্য গ্রহণযোগ্য কারণে নির্ধারিত ফ্লাইটে যেতে না পারলে তাদের প্রতিস্থাপন সুবিধা দিতে হবে। একই সঙ্গে প্রয়োজনে টিকিটের অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
এছাড়া একই কারণে যাত্রা করতে না পারা নিবন্ধিত সহগামী পরিবারের সদস্যদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিস্থাপন প্রক্রিয়ায় এয়ারলাইনসের নির্ধারিত কোটা অপরিবর্তিত থাকবে এবং হজ ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
চলতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৮৭ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাচ্ছেন। ইতোমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী দেশ ছেড়েছেন, তবে কিছু যাত্রী বিভিন্ন কারণে নির্ধারিত ফ্লাইট মিস করেছেন।