আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি তার বাবা, প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন। বাবার দাফন সম্পন্ন হওয়ার পর দেওয়া প্রথম আনুষ্ঠানিক বার্তায় তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে।
মোজতবা খামেনি বলেন, এটি শুধু তার পরিবারের দাবি নয়, বরং সমগ্র ইরানি জাতির প্রত্যাশা ও সংকল্প। তিনি দাবি করেন, ইরানের জনগণ এই হত্যাকাণ্ড কখনো ভুলবে না এবং সময়মতো এর উপযুক্ত জবাব দেওয়া হবে।
ফেব্রুয়ারির শেষদিকে যুদ্ধের প্রথম দিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় নিহত হন ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুর পর টানা কয়েকদিন রাষ্ট্রীয় শোক পালন শেষে সম্প্রতি জন্মস্থান মাশহাদের ইমাম রেজা (আ.) মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।
মোজতবা খামেনি তার বক্তব্যে জানাজা ও শোকযাত্রায় লাখো মানুষের অংশগ্রহণের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি এই জনসমাগমকে ‘ঐতিহাসিক’ এবং ‘শত্রুদের জন্য শক্ত বার্তা’ বলে উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনির এই বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিতে পারে। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক ও কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা