আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তুলে প্রেমিকের বাড়িতে চারদিন ধরে অবস্থান করে অনশন করছেন এক তরুণী। এ ঘটনায় তিনি প্রেমিক ও তার বাবা-মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রায় তিন বছর আগে প্রেমিক আব্দুল্লাহ আল ইমনের ছোট বোনের মাধ্যমে তাদের পরিচয় হয়। পরে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এবং বিষয়টি দুই পরিবারের সদস্যরাও জানতেন। একপর্যায়ে ইমন তাকে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দেন বলে অভিযোগ করেন ওই তরুণী।
তার দাবি, গত ১৭ জুলাই ইমনের ডাকে তিনি মরিচবুনিয়া বাজারে যান। সেখান থেকে ইমন তাকে নিজের বাড়িতে নিয়ে গেলেও বাড়িতে পৌঁছানোর পর ইমনের বাবা-মা তাকে মেনে নিতে অস্বীকৃতি জানান। পরে ইমনও তাকে বিয়ে করতে রাজি হননি বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন বলেও তিনি উল্লেখ করেছেন।
পরবর্তীতে স্বজনদের সঙ্গে পরামর্শ করে তিনি নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।