আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য জাতীয় ঐক্যের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, রাজনৈতিক বা মতাদর্শিক মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন কোনোভাবেই ব্যক্তিগত বা রাষ্ট্রীয় শত্রুতায় রূপ না নেয়, এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীতে আয়োজিত স্বাধীনতা পদক ২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। পদকপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের অর্জন দেশকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
স্বাধীনতার দীর্ঘ পথচলার কথা তুলে ধরে তিনি বলেন, বহু ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে অর্জিত বাংলাদেশ আজ ৫৫ বছরে পা দিয়েছে। এই সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও এখনও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। পাশাপাশি কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করছে বলেও উল্লেখ করেন তিনি।
সরকারের অগ্রাধিকার তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি দমন এবং কর্মসংস্থান সৃষ্টি বর্তমান সরকারের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও কর্মমুখী করার উদ্যোগও নেওয়া হয়েছে।
নারীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লেও সাধারণ মানুষের কথা বিবেচনায় সরকার এখনো মূল্য সমন্বয় করেনি। পরিস্থিতি সামাল দিতে ভর্তুকির মাধ্যমে চাপ নিয়ন্ত্রণে রাখা হচ্ছে।
এ সময় তিনি দেশবাসীকে অপ্রয়োজনীয় খরচ কমানোর আহ্বান জানান এবং বর্তমান বৈশ্বিক সংকট মোকাবিলায় সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন।