আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৩৯ ধাপ পিছিয়ে থাকা অনভিজ্ঞ জাপানের বিপক্ষে মাত্র ২ রানে জয় পেলেও, শেষ মুহূর্তের এক বিতর্কিত কাণ্ড ঘিরে এখন তোলপাড় বিশ্ব ক্রিকেট। বৃষ্টির কারণে ৫ ওভারে নেমে আসা ম্যাচে প্রথম ইনিংসে ভারতকে মাত্র ৩২ রানে আটকে দিয়ে জয়ের প্রহর গুনছিল জাপান। তবে শেষ ওভারের এক 'ওয়াইড' বলকে কেন্দ্র করে আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেওয়া নিয়ে আঙুল তুলছেন নিরপেক্ষ ক্রিকেটপ্রেমীরা।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, জয়ের জন্য শেষ ৪ বলে জাপানের প্রয়োজন ছিল মাত্র ৬ রান। ঠিক সেই রোমাঞ্চকর মুহূর্তে ভারতীয় বোলার অক্ষর প্যাটেলের একটি বল ব্যাটার আলেকজান্ডার শিরাই-প্যাটমোরের লেগ সাইড দিয়ে বেরিয়ে গেলে অনফিল্ড আম্পায়ার সংকেত দেন ‘ওয়াইড’-এর। এতে জাপানের ঝুলিতে অতিরিক্ত ১ রান যোগ হওয়ার কথা থাকলেও, সঙ্গে সঙ্গে ক্ষোভ প্রকাশ করে আপত্তি জানান বোলার অক্ষর প্যাটেল, উইকেটকিপার সঞ্জু স্যামসন এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ার।
ভারতীয় ক্রিকেটারদের লাগাতার আপত্তির মুখে দুই আম্পায়ার নিজেদের মধ্যে আলোচনা করে অলৌকিকভাবে তাদের আগের 'ওয়াইড' সিদ্ধান্তটি প্রত্যাহার করে নেন! অতিরিক্ত ১ রান থেকে বঞ্চিত হওয়া জাপান শেষ পর্যন্ত নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় এবং ভারত মাত্র ২ রানের নাটকীয় জয় পায়। যদিও এমসিসি (MCC) নিয়ম অনুযায়ী বল 'ডেড' হওয়ার আগে আম্পায়ারদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রয়েছে, তবুও ম্যাচ বাঁচানোর এমন একপেশে নাটকীয়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে তোপের মুখে পড়েছে আম্পায়ারিং এবং ভারতের এই জয়।
সূত্রঃ বিবিসি স্পোর্টস