আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: মধ্যপ্রাচ্যের উত্তেজনা, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অনিশ্চয়তা এবং সুদের হার আরও বাড়তে পারে এমন আশঙ্কার কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে গেছে।
শুক্রবার (৫ জুন) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন লক্ষ্য করা যায়। রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৫২ দশমিক ২০ ডলারে নেমে এসেছে। এতে সপ্তাহজুড়ে মোট পতন দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৮ শতাংশ।
আগস্ট ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারও শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৪৭৮ দশমিক ৫০ ডলারে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক অনিশ্চয়তা থাকলেও সুদের হার বৃদ্ধির প্রত্যাশা স্বর্ণবাজারে বড় চাপ তৈরি করছে। সাধারণত স্বর্ণকে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হলেও সুদের হার বেশি থাকলে এই ধাতুর চাহিদা কমে যায়।
এদিকে রুপার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৭২ দশমিক ৮৯ ডলারে নেমেছে। একইভাবে প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও কমেছে, ফলে সপ্তাহজুড়ে মূল্যবান ধাতব বাজারে দরপতনের প্রবণতা দেখা গেছে।