আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) সতর্ক করেছে ভারতের তিনটি কাশির সিরাপ নিয়ে, যেগুলোতে বিপজ্জনক মাত্রায় বিষাক্ত রাসায়নিক পাওয়া গেছে। শিশুদের জন্য তৈরি এসব ওষুধের মধ্যে রয়েছে, কোল্ডরিফ (শ্রেসান ফার্মাসিউটিক্যাল), রেসপিফরেশ টিআর (রেডনেক্স ফার্মাসিউটিক্যাল) এবং রিলাইফ (শেপ ফার্মা)।
ডব্লিউএইচও জানায়, সিরাপগুলোতে ডায়াথিলিন গ্লাইকোল নামের রাসায়নিকের পরিমাণ অনুমোদিত মাত্রার চেয়ে প্রায় ৫০০ গুণ বেশি পাওয়া গেছে। সাধারণত অল্প পরিমাণে এই উপাদান ওষুধে ব্যবহার করা হলেও অতিরিক্ত মাত্রায় এটি শিশুদের জন্য মারাত্মক বিষ হিসেবে কাজ করে।
এ সংস্থার তথ্য অনুযায়ী, গত আগস্টে ভারতের শ্রেসান ফার্মাসিউটিক্যালসের তৈরি এক সিরাপ সেবনের পর ১৭ জন শিশুর মৃত্যু হয়। এর আগে ২০২৩ সালে একই ধরনের বিষক্রিয়ায় উজবেকিস্তান, গাম্বিয়া ও ক্যামেরুনে ১৪১ শিশুর প্রাণহানি ঘটে।
ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (CDSCO) জানিয়েছে, তারা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং শিশুদের সুরক্ষার জন্য ওষুধের মান নিয়ন্ত্রণ আরও কঠোর করার পদক্ষেপ নিচ্ছে।
সূত্র: রয়টার্স