আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাংবাদিক ও ডাকসুর একাধিক নেতার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। একই সঙ্গে তাদের এক কর্মীর ওপর হামলার ঘটনাকেও ‘পরিকল্পিত ও অন্যায়’ বলে দাবি করেছে সংগঠনটি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২৬) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, “ভুয়া ও বানোয়াট স্ক্রিনশটের ভিত্তিতে একজন কর্মীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে তাকে হয়রানি করা হয়েছে।” সংগঠনটির দাবি, ওই কর্মী নিরাপত্তাহীনতায় ভুগে শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে সেখানে হামলার ঘটনা ঘটে।
ছাত্রশিবিরের ভাষ্য অনুযায়ী, এ সময় ডাকসুর কয়েকজন নেতা ও সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের ওপরও হামলা করা হয়। এতে কয়েকজন আহত হন এবং সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করা হয় বলেও অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, পুলিশের উপস্থিতিতেই এ ধরনের ঘটনা ঘটায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। একই সঙ্গে তারা দাবি করে, শিক্ষাঙ্গনে সংঘাত ও অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
ছাত্রশিবিরের পক্ষ থেকে দ্রুত সিসিটিভি ফুটেজ যাচাই করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।