আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলার জন্য প্রাথমিকভাবে ৩৫ লাখ ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে কানাডা। বৃহস্পতিবার (২৫ জুন) দেশটির পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ এ ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, এ অর্থের মাধ্যমে বিশ্বস্ত অংশীদার সংস্থাগুলো দুর্গত মানুষের কাছে জরুরি খাদ্য, বিশুদ্ধ পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, সুরক্ষা এবং অন্যান্য জীবনরক্ষাকারী সহায়তা পৌঁছে দেবে।
অনিতা আনন্দ বলেন, ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসযজ্ঞ হৃদয়বিদারক এবং সংকট মোকাবিলায় কানাডা দেশটির পাশে রয়েছে।
গত ২৪ জুন এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এরপর দেশজুড়ে ২০টির বেশি আফটারশক অনুভূত হয়েছে।
সরকারি হিসাবে এখন পর্যন্ত ২৩৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বহু মানুষ আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সতর্ক করেছে, হতাহতের সংখ্যা শেষ পর্যন্ত ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
সূত্র: ইয়াহু নিউজ