আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে কয়েকটি দেশ সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ২৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে শত শত যাত্রী পড়েছেন চরম অনিশ্চয়তায়। রোববার সকাল থেকেই ভিড় বাড়তে দেখা যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, সাম্প্রতিক হামলা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও কাতার-সহ কয়েকটি দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রেখেছে। ফলে এসব রুটের ফ্লাইট আপাতত স্থগিত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ধাপে ধাপে ফ্লাইট চলাচল শুরু হবে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
সরেজমিনে দেখা গেছে, ফ্লাইট বাতিলের খবর জানার পরও অনেক যাত্রী বিমানবন্দরে অপেক্ষা করছেন। নির্দিষ্ট সময়সূচি না থাকায় তাদের মধ্যে উদ্বেগ ও হতাশা বাড়ছে। বিশেষ করে প্রবাসগামী যাত্রীরা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় পড়েছেন।
নোয়াখালীর সেনবাগ উপজেলার জুয়েল মিয়া জানান, রোববার বিকেলে কাতার যাওয়ার কথা থাকলেও ফ্লাইট স্থগিতের কারণে তিনি দিশেহারা। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও হটলাইন বা এজেন্সি থেকে নিশ্চিত তথ্য পাননি বলে অভিযোগ করেন তিনি।
একইভাবে লক্ষ্মীপুরের জুবায়ের জানান, শনিবার রাতে তার ফ্লাইট থাকার কথা ছিল। ফ্লাইট স্থগিত হওয়ায় তাকে ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলা হয়। হোটেলে রাত কাটিয়ে আবার বিমানবন্দরে এসে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এদিকে কর্তৃপক্ষ জানায়, মধ্যপ্রাচ্যের কয়েকটি রুটে ফ্লাইট বাতিল থাকলেও ইউরোপসহ অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।