আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও মধ্যরাতে ভিডিও বার্তা প্রকাশ করে দেশের শিক্ষার্থী ও তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষাব্যবস্থা সংস্কার নিয়ে দেওয়া তার আগের বক্তব্যে ইতিবাচক সাড়া দেওয়া এবং বিভিন্ন পরামর্শ দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শুক্রবার মধ্যরাতে ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিও বার্তায় মোদি বলেন, আগের দিনের বক্তব্যের পর শিক্ষার্থী ও তরুণদের কাছ থেকে যে ইতিবাচক মতামত ও সমর্থন পেয়েছেন, তা তাকে উৎসাহিত করেছে। তিনি ভবিষ্যতেও সবার সহযোগিতা ও আস্থা কামনা করেন।
ভিডিওর ক্যাপশনেও তিনি লিখেছেন, আগের ভিডিওটি দেখে মূল্যবান মতামত ও পরামর্শ পাঠানো সব তরুণকে আন্তরিক ধন্যবাদ।
এর আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা রোধে আরও কঠোর আইন প্রণয়নের ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী। সাম্প্রতিক পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সরকার দ্রুত বিচার নিশ্চিত করতে নতুন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।
মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে ফাস্ট ট্র্যাক আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল মন্ত্রিসভায় তোলা হবে। এরপর বিলটি দ্রুত সংসদে পাসের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও জানান, গত কয়েক মাসে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত লাখো শিক্ষার্থীর জন্য পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এমন অপরাধ ঠেকাতে আরও কঠোর আইন কার্যকর করার প্রস্তুতি চলছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া