আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজন মনে করলে মন্ত্রিসভার সদস্যদের দপ্তর পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে দায়িত্ব দিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সরকারের ১৮০ দিন পূর্তির পরই এমন সিদ্ধান্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী যদি মনে করেন কোনো মন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছেন না, তাহলে প্রয়োজন অনুযায়ী দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় জনগণের কল্যাণ। দেশের স্বার্থে প্রয়োজন হলে তিনি যেকোনো সময় সিদ্ধান্ত পরিবর্তন বা নতুন পদক্ষেপ নিতে পারেন।
তবে সরকারের ১৮০ দিন পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গেই মন্ত্রিসভায় রদবদল হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয় বলেও উল্লেখ করেন তিনি।
বর্তমান সরকার গত ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করে। বর্তমানে মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়াও ২৪ জন পূর্ণমন্ত্রী, ২৩ জন প্রতিমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন। প্রচলিত নিয়ম অনুযায়ী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে রয়েছে।
সংবাদ সম্মেলনে জাহেদ উর রহমান আরও জানান, সাইবার বুলিং ও অপতথ্য মোকাবিলায় আইনগত ব্যবস্থা নিতে একটি আইনজীবী প্যানেল গঠন করা হচ্ছে। এ বিষয়ে চলতি সপ্তাহেই প্রজ্ঞাপন জারি হতে পারে।