আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি সামরিক হামলার মুখে যুক্তরাষ্ট্রের অতি-উন্নত স্টেলথ যুদ্ধপ্রযুক্তি নিষ্ক্রিয় করার পাশাপাশি মার্কিন চালকবিহীন সাবমেরিন (পানির নিচে চলাচলকারী যান) জব্দের দাবি করেছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র হোসেইন মোহেব্বি এক সাক্ষাৎকারে জানান, যুদ্ধের ময়দানে প্রতিহত করার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি এখন ইরানের নিয়ন্ত্রণে চলে এসেছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক ‘এফ-৩৫’ (F-35) যুদ্ধবিমানকে সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে বলে দাবি করেন এই জ্যেষ্ঠ কর্মকর্তা। এফ-৩৫ বিমানটিতে ব্যবহৃত বিশেষ সংকর ধাতু, স্টেলথ প্রযুক্তি ও উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার গোমর এখন তাদের হাতে। এর পাশাপাশি আইআরজিসি নৌবাহিনী মার্কিন একটি উচ্চপ্রযুক্তিসম্পন্ন আন্ডারওয়াটার ড্রোন আটক করেছে, যার রিভার্স ইঞ্জিনিয়ারিং (প্রযুক্তি উন্মোচন ও নকশা অনুকরণ) ইতোমধ্যে শুরু করা হয়েছে।
সামরিক বিশ্লেষকদের মতে, প্রযুক্তিগতভাবে ইরান কতটা সুবিধা পাবে তা নিয়ে দ্বিমত থাকলেও, এই ঘটনা যুক্তরাষ্ট্রের সামরিক ভাবমূর্তি ও প্রযুক্তিগত নিরাপত্তার জন্য চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।
সূত্রঃ আরটিভি ও আইআরজিসি প্রেস