আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি সম্পাদিত সমঝোতা চুক্তি ইসরায়েলের জন্য কোনোভাবেই বাধ্যতামূলক নয় বলে মন্তব্য করেছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, এই চুক্তির শর্ত ইসরায়েল মানবে না এবং তাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।
মঙ্গলবার (১৬ জুন) ইসরায়েলের একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
সাক্ষাৎকারে মন্ত্রী গিলা গামলিয়েল বলেন, ইসরায়েল এই চুক্তির কোনো পক্ষ নয় এবং নিজেদের নিরাপত্তা স্বার্থে প্রয়োজনীয় সামরিক পদক্ষেপ চালিয়ে যাবে। বিশেষ করে হিজবুল্লাহকে নিরস্ত্র না করা পর্যন্ত অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও দাবি করেন, দক্ষিণ লেবাননের কিছু কৌশলগত এলাকায় ইসরায়েলি বাহিনীর অবস্থান ইতোমধ্যে শক্তিশালী হয়েছে এবং সেখান থেকে সেনা প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেই। তার ভাষায়, নির্দিষ্ট এলাকা থেকে হিজবুল্লাহকে পুরোপুরি সরানো না হওয়া পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকবে।
এছাড়া তিনি ইঙ্গিত দেন যে, ওই অঞ্চলে দীর্ঘমেয়াদি নিরাপত্তা বলয় বা বাফার জোন গঠনের পরিকল্পনাও বিবেচনায় রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
এদিকে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পরও ইসরায়েলের এমন অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা আরও বাড়াতে পারে।
সূত্র: মিডল ইস্ট আই