আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তিকে দেশের স্বার্থবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনের আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা।
বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
রুমিন ফারহানা বলেন, সম্প্রতি মার্কিন রাষ্ট্রদূত ও বাণিজ্যমন্ত্রীর বৈঠকে দুই দেশের আমদানি-রপ্তানি বৈষম্য, কৃষি ও জ্বালানি পণ্য আমদানি, ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে নীতি সংস্কারের বিষয় উঠে এসেছে। তার দাবি, এসব শর্তের অনেকগুলোই বাংলাদেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক।
তিনি উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের ঠিক আগে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ায় তা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ছিল। তার মতে, একটি অনির্বাচিত সরকারের এমন গুরুত্বপূর্ণ চুক্তি করা উচিত হয়নি এবং এতে দেশের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে সরকার চাইলে এটি বাতিল করতে পারে। তাই বিষয়টি সংসদে এনে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
তবে তার বক্তব্যের সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি পয়েন্ট অব অর্ডারের আওতায় পড়ে না। সংসদের কার্যপ্রণালি অনুযায়ী নতুন কোনো বিষয় উত্থাপনের জন্য যথাযথ নোটিশ দেওয়ার পরামর্শ দেন তিনি।