আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বিমান হামলার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই ইরানের উত্তর-পূর্বাঞ্চলের পবিত্র শহর মাশহাদে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে হাজারো মানুষ সড়কে নেমে এসেছেন। টানা ছয় দিনের রাষ্ট্রীয় শোক কর্মসূচির শেষ দিনে পুরো শহরে শোক, আবেগ ও উত্তেজনাপূর্ণ পরিবেশ বিরাজ করছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মাশহাদে জড়ো হয়েছেন। অনেকের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা, আবার কেউ কেউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন। এতে যুক্তরাষ্ট্রবিরোধী ক্ষোভও স্পষ্টভাবে ফুটে ওঠে।
এদিকে দাফন অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের হামলার কারণে মাশহাদগামী গুরুত্বপূর্ণ রেলপথ ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানী তেহরানের সঙ্গে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, মার্কিন হামলায় রেলপথের গুরুত্বপূর্ণ অংশ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, হামলায় অন্তত দুটি সেতু ধ্বংস হয়েছে, যা যোগাযোগ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলেছে।
ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অভিযানে দেশজুড়ে প্রায় ১৭০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে এবং এতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর প্রথম কয়েক ঘণ্টার মধ্যেই গত ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন বলে ইরান জানায়। বৃহস্পতিবার মাশহাদে তার দাফনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় শোক ও শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হচ্ছে।