আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: ভাইভা পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীদের হাতে ধরা, পুলিশের হেফাজতে সাবেক ছাত্রলীগ নেতা
রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের এক সাবেক নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তি সজিব আলী (২৪)। তিনি রাজশাহীর শাহ মখদুম থানার শতিহার এলাকার চর শ্যামপুর গ্রামের বাসিন্দা এবং কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
জানা গেছে, নির্ধারিত ভাইভা পরীক্ষায় অংশ নিতে কলেজে এলে শিক্ষার্থীরা তাকে শনাক্ত করেন। পরে বিভাগের সামনে থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমা মুস্তারি জানান, সজিব আলীকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় কিছু সময়ের জন্য কলেজ ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে ঘিরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।