
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুর শিয়ালবাড়ি এলাকায় কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মধ্যে সাতজনের লাশ শনাক্ত করেছেন স্বজনরা। নিহতদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ ও ৭ জন নারী। তবে অধিকাংশ লাশ আগুনে এতটাই পুড়ে গেছে যে, শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
রূপনগর থানার ওসি (তদন্ত) মোখলেছুর রহমান জানিয়েছেন, শনাক্ত লাশগুলোর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, এ পর্যন্ত সাতটি লাশের দাবিদার পাওয়া গেছে এবং আরও কয়েকজন স্বজন শনাক্তের জন্য এসেছেন। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়ে লাশ হস্তান্তর করা হবে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, মঙ্গলবার রাতেই সব লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে। তিনি বলেন, লাশগুলো এমনভাবে পুড়ে গেছে যে চেহারায় কাউকে চেনা সম্ভব নয়। যারা লাশের দাবি করছেন, তাদের সবার ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। এরপর যাদের পরিচয় নিশ্চিত হবে, কেবল তাদের স্বজনদের কাছেই হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, যেসব লাশের দাবি কেউ করবে না, সেগুলো কয়েকদিন সংরক্ষণ করা হবে এবং প্রয়োজনে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হতে পারে।
উল্লেখ্য, মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মিরপুরের রূপনগর এলাকায় কেমিক্যাল গুদাম ও পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে অন্তত ১৬ জনের মৃত্যু হয় এবং আরও তিনজন ধোঁয়ায় অচেতন হয়ে অসুস্থ হন।






























