আওয়ার টাইমস নিউজ।
স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের নাটকীয় পরাজয়কে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। রেফারির একাধিক সিদ্ধান্ত এবং ভিএআরের ব্যবহার নিয়ে মিশরের অভিযোগের সঙ্গে এবার একাত্মতা প্রকাশ করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি।
রোমাঞ্চকর সেই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ মুহূর্তে ৩-২ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। শেষ ১১ মিনিটে টানা তিন গোল করে ম্যাচ নিজেদের করে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
তবে ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে বিতর্কিত রেফারিং। ভিএআর পর্যালোচনার মাধ্যমে মিশরের একটি গোল বাতিল করা হয়। এছাড়া মিশরের দাবি, তাদের পক্ষে সম্ভাব্য একটি পেনাল্টির ঘটনা ভিএআরে পর্যালোচনাই করা হয়নি।
ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করে মিশরের প্রধান কোচ হোসাম হাসান বলেন, তার দল ন্যায্য বিচার পায়নি। রেফারির একাধিক সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষেই গেছে বলে অভিযোগ করেন তিনি।
এই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি লেখেন, "গতকালের ম্যাচে মিশরকে ডাকাতি করে হারানো হয়েছে।" তার এই মন্তব্য দ্রুত ভাইরাল হয়ে পড়ে এবং ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দেয়।
বিশ্লেষকদের মতে, উচ্চপর্যায়ের একজন জনপ্রতিনিধির এমন মন্তব্য বিশ্বজুড়ে ম্যাচটির রেফারিং নিয়ে চলমান প্রশ্নকে আরও জোরালো করেছে। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা বা প্রতিক্রিয়া দেয়নি।
মিশর ফুটবল ফেডারেশন ইতোমধ্যে ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তগুলো পর্যালোচনার দাবি জানিয়েছে। ফলে বিশ্বকাপের অন্যতম আলোচিত এই ম্যাচের রেশ এখনো কাটেনি।