আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী আবারও বাংলাদেশ ও সীমান্ত ইস্যুতে কঠোর বক্তব্য দিয়েছেন। কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি দাবি করেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই “বাংলাদেশের জামাতিদের চিড়বিড়ানি” বেড়ে গেছে।
সোমবার সন্ধ্যায় ভবানীপুর ও ক্যামাক স্ট্রিটে আয়োজিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু বলেন, তার সরকারের প্রধান অগ্রাধিকার হবে সীমান্ত নিরাপত্তা জোরদার করা এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকানো। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যাদের তিনি “অনুপ্রবেশকারী” হিসেবে উল্লেখ করেছেন, তাদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
সম্প্রতি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই সীমান্ত ও নিরাপত্তা ইস্যুতে ধারাবাহিকভাবে কড়া অবস্থানের কথা জানিয়ে আসছেন তিনি। বক্তব্যে তিনি দাবি করেন, রাজ্যে আইনশৃঙ্খলা রক্ষায় তার সরকার “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করবে।
এ সময় কলকাতার পার্ক সার্কাসে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, পুলিশ সদস্যদের ওপর হামলা, দখলবাজি, তোলাবাজি কিংবা রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
একইসঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তের কথাও উল্লেখ করেন শুভেন্দু। তিনি জানান, ধর্মভিত্তিক ভাতা প্রকল্প বাতিল করে সেই অর্থ শিক্ষা ও মেধাবৃত্তি খাতে ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। তার ভাষায়, সরকারের মূল দায়িত্ব হওয়া উচিত শিক্ষা ও কর্মসংস্থানের উন্নয়ন নিশ্চিত করা।
অনুষ্ঠানে সাবেক মুখ্যমন্ত্রী Mamata Banerjee এবং তৃণমূল কংগ্রেসেরও সমালোচনা করেন শুভেন্দু। তিনি দাবি করেন, রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অভিযান চালানো হবে।
সূত্র: The Times of India