আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি বাসভবন যমুনায় ওঠার পরিবর্তে গুলশানের ১৯৬ নম্বর নিজ বাসাতেই অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী দেশে ফেরার পর থেকেই নিজ বাসাতেই অবস্থান করছেন। তিনি বাসাটিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, তাই সরকারি বাসভবনে ওঠার প্রয়োজন হয়নি। বাসাটি সেসব অনুযায়ী সাজানো-গুছানো হয়েছে।
তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ ইফতার ও ঈদ শুভেচ্ছা অনুষ্ঠান যমুনা বাসভবনে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর উদ্যোগে কুটনীতিক এবং আলেম-ওলামাদের সম্মানে দুইটি ইফতার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী প্রায় ১৭ বছর পর ২০২৪ সালের ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন। দেশে ফিরে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাড়িতে স্থায়ী হয়েছেন। এই বাড়ির নিকটেই ‘ফিরোজা’ নামের বাড়িতে থাকতেন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
প্রসঙ্গত, ১৯৬ নম্বর বাড়িটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়েছিল। এটি তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভা দ্বারা নির্ধারিত হয়েছিল। গত বছর এই বাড়ির দলিলপত্র বিএনপি চেয়ারপারসনের কাছে হস্তান্তর করা হয় সাবেক গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান ও রাজউক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম রিজুর মাধ্যমে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গত বছরের ফেব্রুয়ারিতে জানিয়েছিল, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সংস্কার হলে প্রধানমন্ত্রীর সেখানে ওঠার পরিকল্পনা থাকছে। তবে বর্তমান অবস্থান অনুযায়ী প্রধানমন্ত্রী ব্যক্তিগত বাসাতেই থাকছেন।