আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় অন্তত ৩০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। দেশটির সরকার নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছে।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, হামলায় নিহতদের প্রতি সরকার গভীর শ্রদ্ধা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সর্বোচ্চ সহায়তা নিয়ে থাকবে।
তিনি বলেন, নিহতদের আত্মত্যাগ জাতি সম্মানের সঙ্গে স্মরণ করবে। একই সঙ্গে দক্ষিণ ইরানের ক্ষতিগ্রস্ত এলাকায় প্রয়োজনীয় সব ধরনের সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাসও দেন তিনি।
এদিকে হরমুজ প্রণালির আশপাশে ইরানের সামরিক স্থাপনাগুলোতে যুক্তরাষ্ট্রের হামলায় সাতজন ইরানি সেনা নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে। একই সময়ে ইরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রায় সাত ঘণ্টার অভিযানে হরমুজ প্রণালির আশপাশ এবং ইরানের উপকূলীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌবাহিনীর বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
ইরানের বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইলাম, সিস্তান ও বেলুচিস্তান, হোভেইজা, চাবাহার, কেশম, হেঙ্গাম দ্বীপ এবং বন্দর আব্বাসসহ একাধিক এলাকায় হামলার ঘটনা ঘটে। এর মধ্যে একটি সেনা ব্যারাকে হামলায় সাত সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সাম্প্রতিক কয়েক দিনে দক্ষিণ ইরানে ধারাবাহিক হামলার কারণে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েছে। তবে বেসামরিক হতাহতের বিষয়ে ইরানের দাবির ব্যাপারে যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
সূত্র: আল জাজিরা