আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ইলেকট্রনিক মাধ্যমে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের অবসান এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে বলে উভয় পক্ষ নিশ্চিত করেছে। সমঝোতা অনুযায়ী, ইরান ভবিষ্যতে কোনো পারমাণবিক অস্ত্র তৈরি বা অর্জন করবে না, এমন শর্তে নিরাপত্তা কাঠামো নির্ধারণ করা হয়েছে।
চুক্তির আরও গুরুত্বপূর্ণ শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর করা, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখা এবং আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়া।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে দীর্ঘদিনের সংঘাত কমিয়ে আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে বাস্তবে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত থাকার খবরও পাওয়া যাচ্ছে, যা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অন্যদিকে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এই সমঝোতাকে ‘বড় বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে আলোচনার ভিত্তি হওয়া উচিত পারস্পরিক নিরাপত্তা ও স্থিতিশীলতা।
বিশ্লেষকদের মতে, এই চুক্তি কার্যকরভাবে বাস্তবায়িত হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বৈশ্বিক জ্বালানি বাজার, নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা