আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।
রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা মো. ওহিদুজ্জামান। পরে মামলাটি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে পাঠানো হয়।
চার্জশিটে উল্লেখ করা হয়, সোহেল রানা পল্লবীর একটি বাসায় ভাড়া থাকতেন। ঘটনার দিন সকালে রামিসাকে কৌশলে নিজের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়। পরে শিশুটি চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
অভিযোগপত্র অনুযায়ী, মরদেহ গোপন করতে দেহ বিকৃত করা হয় এবং পরে খাটের নিচে রাখা হয়। এ সময় শিশুটির পরিবার তাকে খুঁজতে গিয়ে সোহেলদের কক্ষের সামনে জড়ো হয়।
চার্জশিটে আরও বলা হয়, দরজা ভাঙার শব্দ শুনে স্বপ্না আক্তার ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেন। পরে লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে রামিসার মরদেহ দেখতে পান। এ সময় সোহেল পালিয়ে যান বলে উল্লেখ করা হয়েছে।
ঘটনার দিন স্বপ্নাকে আটক করা হয় এবং পরদিন নারায়ণগঞ্জ থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন সোহেল রানা।