আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্কঃ লেবানন থেকে সেনা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চললেও কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইসরাইল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহর হুমকি পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত লেবাননের নিরাপত্তা অঞ্চলে ইসরাইলি বাহিনীর উপস্থিতি অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে কাৎজ বলেন, “লেবাননে প্রবেশের জন্য আমরা কারও অনুমতি চাইনি, আর সেখানে থাকার জন্যও আমাদের কোনো অনুমতির প্রয়োজন নেই।”
তিনি আরও বলেন, গ্যালিলি অঞ্চলের বাসিন্দা এবং ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সে লক্ষ্যেই প্রয়োজনীয় সামরিক উপস্থিতি বজায় রাখা হবে।
এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, ইসরাইল শিগগিরই লেবানন থেকে সেনা সরিয়ে নেবে। তবে ইসরাইলি সরকারের সাম্প্রতিক অবস্থান সেই সম্ভাবনাকে অনেকটাই নাকচ করে দিয়েছে।
প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারাও জানিয়েছেন, হিজবুল্লাহ সম্পূর্ণভাবে নিরস্ত্র না হওয়া পর্যন্ত লেবাননে মোতায়েন সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।
প্রতিরক্ষামন্ত্রী কাৎজ বলেন, “উত্তরাঞ্চলের বাসিন্দাদের ওপর থেকে হুমকি দূর না হওয়া পর্যন্ত এবং পুরো লেবাননে হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত আমরা নিরাপত্তা অঞ্চলে থাকব এবং প্রয়োজন অনুযায়ী অভিযান চালিয়ে যাব।”
বিশ্লেষকদের মতে, ইসরাইলের এই অবস্থান মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। একই সঙ্গে লেবানন সীমান্তে নতুন করে সংঘাতের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
সূত্র: আল-জাজিরা।