আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: লেবাননের দক্ষিণাঞ্চলে রকেট ও ড্রোন হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন। শনিবার সকালে কফার তেবনিত এলাকায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।
ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই এলাকায় অবস্থানরত ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একযোগে রকেট ও ড্রোন হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই একজন সেনা নিহত হন এবং আহত হন আরও ১৩ জন।
জানা গেছে, আহত ও নিহত সেনারা দক্ষিণ লেবাননের আলি তাহের রিজ এলাকার নিচে অবস্থিত একটি বড় ভূগর্ভস্থ স্থাপনা দখলের অভিযানে অংশ নিয়েছিলেন। ইসরায়েলের দাবি, স্থাপনাটি হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
এর আগে শুক্রবার একই স্থাপনা দখলের অভিযান চলাকালে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্য জানিয়েছিল ইসরায়েলি কর্তৃপক্ষ।
লেবানন সীমান্তে চলমান সংঘাতের মধ্যে এই হামলা নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। তবে হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল