আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: কুড়িগ্রামের উলিপুর উপজেলার পৌরসভাসহ কয়েকটি ইউনিয়নে আগামী শনিবার টানা সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এই সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির উলিপুর জোনাল অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে ডেপুটি জেনারেল ম্যানেজার এটিএম তারিকুল ইসলামের স্বাক্ষর রয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উলিপুর-১ উপকেন্দ্রের সোর্স লাইনে জরুরি সংস্কার কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময় উলিপুর পৌরসভা এবং আশপাশের কয়েকটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।
বিদ্যুৎ কর্তৃপক্ষ জানায়, সঞ্চালন লাইনের ত্রুটি দূর করা এবং গরম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই সংস্কার কাজ করা হচ্ছে। কাজ দ্রুত শেষ করতে প্রয়োজনীয় জনবলও নিয়োজিত থাকবে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই যদি কাজ শেষ হয় তাহলে বিকেল ৩টার আগেই বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। তবে কোনো কারিগরি জটিলতা দেখা দিলে সময় কিছুটা বাড়তে পারে।
এ কারণে গ্রাহকদের সকাল ৮টার আগেই পানির পাম্পসহ প্রয়োজনীয় বিদ্যুৎ নির্ভর কাজ শেষ করে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।