আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চিকিৎসাশাস্ত্রে স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগ এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের অভিযানের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নিয়েছে কংগ্রেস।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আন্দোলনকারী শিক্ষার্থীদের কাছে প্রকাশ্যে ক্ষমা না চাওয়া পর্যন্ত সরকারে সঙ্গে কোনো আলোচনা বা সংসদীয় বিতর্কে অংশ নেবে না কংগ্রেস।
শুক্রবার সংসদ ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আলোচনার পরিবেশ নেই। তার অভিযোগ, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে উপেক্ষা করা হয়েছে এবং আন্দোলন দমনে অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়েছে।
রাহুল গান্ধী আরও অভিযোগ করেন, সংসদে নিজের বক্তব্য উপস্থাপনের সুযোগও তাকে দেওয়া হয়নি। তিনি দাবি করেন, বক্তব্য দিতে দাঁড়ানোর পর তার মাইক্রোফোন বন্ধ করে দেওয়া হয়।
কংগ্রেস নেতার ভাষ্য, আন্দোলনরত শিক্ষার্থীদের তিনটি প্রধান দাবি রয়েছে। প্রথমত, প্রশ্নফাঁসের ঘটনায় রাজনৈতিক দায় স্বীকার করে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের ওপর বলপ্রয়োগের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তৃতীয়ত, প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
তিনি বলেন, এই দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সংসদীয় কার্যক্রমে অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না।
এদিকে প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে। দিল্লিসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং শিক্ষার্থী আটক হওয়ার ঘটনায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।
সরকারের দাবি, প্রশ্নফাঁস রোধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা জোরদার করা হচ্ছে। তবে বিরোধীদের অভিযোগ, সরকার এ ঘটনায় জবাবদিহি এড়িয়ে যাচ্ছে।
সূত্র: ভারতীয় গণমাধ্যম