আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগকে জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, একটি আত্মবিশ্বাসী, দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে পাঠ্য শিক্ষার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সমান গুরুত্ব দিতে হবে।
শুক্রবার (১৯ জুন ২০২৬) আগামীকাল অনুষ্ঠিতব্য ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করার জন্য কাজ করছে। এর অংশ হিসেবে পাঠ্যক্রমে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে আরও সুস্থ ও সক্ষম হয়ে উঠতে পারে।
তিনি জানান, চতুর্থ শ্রেণি থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত পর্যায়ক্রমে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে ও সাঁতারকে পাঠ্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। শুধু বইভিত্তিক শিক্ষা নয়, ব্যবহারিক ক্লাস ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়নের ওপরও জোর দেওয়া হবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, এই উদ্যোগ মাদকাসক্তি ও মোবাইল ফোন আসক্তির মতো সামাজিক সমস্যা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্ম শৃঙ্খলা, নেতৃত্ব ও আত্মবিশ্বাস অর্জন করতে পারবে।
তিনি জানান, এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জন্য দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে প্রায় ৬৫ হাজারের বেশি বিদ্যালয়ের প্রায় এক কোটি শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে।
এ বছর সারা দেশে বালক ও বালিকা মিলিয়ে এক লাখের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যা এই টুর্নামেন্টকে বিশ্বের অন্যতম বৃহৎ ফুটবল প্রতিযোগিতায় পরিণত করেছে বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান আশা প্রকাশ করেন, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুরাই ভবিষ্যতে দেশের ক্রীড়া ও আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।