আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোটে জনগণের দেওয়া সংস্কারের রায় বাস্তবায়ন না হলে সরকারবিরোধী আন্দোলনে নামবে তাদের জোট। তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে না এবং প্রয়োজন হলে সরকার পতনের আন্দোলন গড়ে তোলা হবে।
রোববার (২৮ জুন) বিকেলে মৌলভীবাজার জেলা পরিষদ অডিটোরিয়ামে ১১ দলীয় ঐক্যজোটের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশে রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছিল। নির্বাচনের আগে জনগণের কাছে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্বাচনের পর সেই অঙ্গীকার বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার দাবি, নির্বাচনে অধিকাংশ মানুষ সংস্কারের পক্ষে মত দিয়েছেন, কিন্তু সেই রায় উপেক্ষা করা হচ্ছে।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। ফ্যাসিবাদী শাসনের অবসানের লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছেন এবং সেই সংগ্রামের লক্ষ্য ছিল একটি নতুন ও সংস্কারভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা।
আওয়ামী লীগ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা প্রতিশোধ নয়, আইনের শাসনে বিশ্বাস করেন। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি জানান তিনি। একই সঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বানও জানান।
পররাষ্ট্রনীতি নিয়ে তিনি বলেন, বাংলাদেশকে স্বাধীন ও স্বার্থনির্ভর পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো বিদেশি শক্তির কাছে মাথানত করা হবে না বলেও মন্তব্য করেন তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে বক্তব্যে তিনি বড়লেখা সীমান্তে কথিত সন্ত্রাসী তৎপরতা প্রতিহত করতে স্থানীয় জনগণ ও সীমান্তরক্ষী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
এদিকে, নাসীরুদ্দীন পাটওয়ারীর সফরকে কেন্দ্র করে বড়লেখা শহরে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি আসরের নামাজ আদায়ের জন্য শহরে প্রবেশ করলে কয়েকজন বিক্ষোভকারী ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরে তার গাড়িবহরের গতিরোধের চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।