আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালকে ভবিষ্যতে শুধু সিটি বাস পরিচালনার জন্য ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তঃজেলা বাস ধাপে ধাপে কাঁচপুরে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন এবং উচ্ছেদ অভিযান শেষে তিনি সাংবাদিকদের জানান, রাজধানীর পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে এ পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি গুলিস্তান বাস টার্মিনালও ভবিষ্যতে নদীর ওপারে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, আধুনিক অবকাঠামো থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে সায়েদাবাদ বাস টার্মিনাল নির্ধারিত উদ্দেশ্যে ব্যবহার হয়নি। যাত্রীসেবার পরিবর্তে এটি অনেকাংশে বাস রাখার স্থান হিসেবে ব্যবহৃত হয়েছে। এ পরিস্থিতি পরিবর্তনে টার্মিনালকে পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ করার কার্যক্রম শুরু হয়েছে।
প্রশাসক জানান, আপাতত প্রতিটি পরিবহন কোম্পানি সর্বোচ্চ একটি বা দুটি বাস টার্মিনালের ভেতরে রাখতে পারবে। নির্ধারিত সংখ্যার বেশি বাস রাখা যাবে না। এছাড়া যান চলাচল স্বাভাবিক রাখতে টার্মিনালে একাধিক প্রবেশ ও বের হওয়ার পথ চালুর পরিকল্পনাও রয়েছে।
পরিবহন মালিক ও শ্রমিকদের অনুরোধে আগামী ১৫ জুলাই পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর নির্ধারিত টার্মিনালের বাইরে যাত্রী ওঠানামা করানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মোবাইল কোর্টও পরিচালনা করা হবে।
তিনি আরও জানান, টার্মিনালের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট অপসারণ করা হবে। পরবর্তীতে নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় ক্ষেত্রে হকার ও ভেন্ডরদের জন্য নির্ধারিত স্থান বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
ডিএসসিসির আশা, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরবে এবং নগরবাসী আরও উন্নত সেবা পাবেন।