আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সিলেট বিভাগে হাম ও নিউমোনিয়ার প্রকোপ নিয়ে উদ্বেগ বাড়ছে। চলতি বছরে এ দুই রোগে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৯ শিশু ও একজন নার্সের মৃত্যু হয়েছে। একই সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮০ জন রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় স্বাস্থ্য বিভাগে সতর্কতা জোরদার করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, বছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভাগে মোট ৩২২ জনের হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ১৭৭ জন, সিলেটে ১০৫ জন, হবিগঞ্জে ২৪ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জে আক্রান্তদের মধ্যে দুইজনের রুবেলাও শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় আরও চারজনের হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৮০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৯৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালভিত্তিক তথ্য অনুযায়ী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সর্বোচ্চ ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫০ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৮ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৩ জন এবং হবিগঞ্জ সদর হাসপাতালে ১২ জন চিকিৎসা নিচ্ছেন। অন্যান্য হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও বেশ কয়েকজন রোগী ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম জানান, হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৯ জনের মৃত্যু হয়েছে। যদিও গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।