আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। দ্রুত পদক্ষেপের কারণে আগুন নিয়ন্ত্রণে এসেছে, তবে ট্রেনের পাওয়ার কার এবং পাশে থাকা একটি যাত্রীবাহী এসি বগি পুড়ে গেছে। সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি পোর্ট লিংক গেট অতিক্রম করার সময় একটি বগি থেকে আগুনের শিখা দেখা যায়। বিষয়টি অবিলম্বে গেটম্যানকে জানানো হলে তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেন। এরপর ট্রেন থামিয়ে আগুন লাগা দুটি বগি আলাদা করা হয়, ফলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় বাংলাদেশ মিলিটারি একাডেমির সৈনিকরাও ফায়ার সার্ভিসকে সহায়তা করেন।
কুমিরা ফায়ার সার্ভিসের সাব-অফিসার আহসান আলী জানান, সকাল ৬টা ৫৫ মিনিটে তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নামায় কোনো প্রাণহানি ঘটেনি।
ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, আগুনের সূত্রপাত পাওয়ার কার বগি থেকে হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে সবকিছু স্বাভাবিক রয়েছে।