আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টার দিকে উপজেলার ফৌজদারহাটের বিএমএ গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটির পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়ে পাশের একটি শীতাতপ নিয়ন্ত্রিত বগিতে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের এক কর্মকর্তা জানান, কুমিরা স্টেশন থেকে পাঠানো ইউনিটগুলো তাৎক্ষণিকভাবে আগুন নেভাতে কাজ শুরু করে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।