আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: সৌদি আরবের সঙ্গে সময় মিলিয়ে ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার অন্তত ১২টি গ্রামে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বোয়ালমারী উপজেলার মাইটকুমড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ৮টায় প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এরপর সাড়ে ৮টায় মাইটকুমড়া জামে মসজিদ মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়া সকাল সাড়ে ৯টায় সহস্রাইল বাজার এবং সকাল ১০টায় আলফাডাঙ্গার রাখালতলী বাজারেও ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এসব এলাকায় সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঘরে ঘরে ঈদের বিশেষ খাবার প্রস্তুত করা হয়েছে এবং মানুষ আনন্দের সঙ্গে দিনটি উদযাপন করছেন।
স্থানীয়রা জানান, চট্টগ্রামের মির্জারখীল দরবার শরিফের অনুসারীরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা পালন ও ঈদের নামাজ আদায় করে আসছেন। সেই ধারাবাহিকতায় এবারও নির্ধারিত সময়ের আগেই এসব এলাকায় ঈদ উদযাপন করা হচ্ছে।