
আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: জ্বালানি সংকট মোকাবেলায় স্কুলগামী শিক্ষার্থীদের জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা তাদের যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আনতে যাচ্ছে। ব্যক্তিগত গাড়ির পরিবর্তে শিক্ষার্থীদের জন্য ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। পরে জানানো হয়, যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এই ব্যবস্থার আওতায় আসবে, তারা শুল্কমুক্তভাবে ইলেকট্রিক বাস আমদানির সুযোগ পাবে। এতে করে একদিকে জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন নিশ্চিত করা সম্ভব হবে।
এ উদ্যোগের ফলে স্কুলগামী শিক্ষার্থীদের অভিভাবকদের ব্যক্তিগত গাড়ির ওপর নির্ভরশীলতা কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি সড়কে যানজটও কিছুটা কমতে পারে।
এদিকে, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান পদ্ধতি অনলাইন নাকি সরাসরি হবে, সে বিষয়ে খুব শিগগিরই আলাদা সিদ্ধান্ত জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
শুধু শিক্ষাখাত নয়, সরকারের ব্যয় কমাতেও নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। সরকারি গাড়িতে জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নতুন করে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার কেনা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
সরকারি দপ্তরগুলোতে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ব্যবহার কমাতেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে জ্বালানি সংকট মোকাবেলায় ইতিবাচক প্রভাব পড়বে এবং দেশের সামগ্রিক ব্যয়ও নিয়ন্ত্রণে আসবে।





























