আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন মূল্য ঘোষণা করে জানিয়েছে, প্রতি ভরি স্বর্ণের দাম ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছে। বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
বাজুসের তথ্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এর আগে একই মানের স্বর্ণের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকায়। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম হবে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমে যাওয়ায় মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনটি আরও জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে। তবে অলঙ্কারের নকশা ও কারুকাজভেদে অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতাদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
শুধু স্বর্ণ নয়, রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪০৮ টাকা কমিয়ে ৪ হাজার ৮৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৯৭৪ টাকায় বিক্রি হবে।
উল্লেখ্য, গত ২২ জুন স্বর্ণের দাম ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা বাড়ানো হয়েছিল। তবে মাত্র দুই দিনের ব্যবধানে এবার বড় ধরনের মূল্যহ্রাসের ঘোষণা এলো।