আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: কানাডার স্বপ্ন থামিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে মরক্কো, বিশ্বকাপে ইতিহাস গড়ে প্রথমবারের মতো শেষ আটে ওঠার স্বপ্ন দেখছিল কানাডা। তবে সেই স্বপ্ন ভেঙে দিয়েছে মরক্কো। শেষ ষোলোর ম্যাচে ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়ে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আফ্রিকার দেশটি।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মরক্কো। ২২ মিনিটে ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন দলের অন্যতম ভরসা ইসমাইল সাইবারি। তার পরিবর্তে মাঠে নামেন সুফিয়ান রাহিমি।
প্রথমার্ধে গোল না হলেও আক্রমণে এগিয়ে ছিল কানাডা। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দুর্দান্ত কয়েকটি সেভে গোলের দেখা পায়নি তারা।
বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৪৯ মিনিটে আশরাফ হাকিমির ফ্রি কিক থেকে পাওয়া বলে নিচু শটে জাল খুঁজে নেন এজেদিন উনাহি। এই গোলেই এগিয়ে যায় মরক্কো।
৮২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের ব্যবধান আরও বাড়ান উনাহি। ব্রাহিম দিয়াজের পাস থেকে বক্সে ঢুকে নিখুঁত ফিনিশিংয়ে কানাডার জয়ের আশা শেষ করে দেন তিনি।
যোগ করা সময়ে প্রতি আক্রমণ থেকে ব্রাহিম দিয়াজের আরেকটি পাস কাজে লাগিয়ে গোল করেন সুফিয়ান রাহিমি। তাতেই ৩-০ গোলের বড় জয় নিশ্চিত করে মরক্কো।
এই জয়ের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল মরক্কো। শেষ আটে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স।