আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং সরকার এমন একটি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে যেখানে সবাই প্রয়োজন অনুযায়ী চিকিৎসা পাবেন, আর্থিক সামর্থ্য অনুযায়ী নয়।
শনিবার জাতীয় সংসদের এলডি হল সংলগ্ন মাঠে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত দুস্থ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভবিষ্যতে এমন স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে যাতে কোনো মানুষ চিকিৎসা নিতে গিয়ে আর্থিকভাবে সর্বস্বান্ত না হন। মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।
ডা. জুবাইদা রহমান আরও বলেন, প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্যব্যবস্থার মূল ভিত্তি হিসেবে গড়ে তোলা হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করার পাশাপাশি মা ও শিশুদের চিকিৎসার কেন্দ্র হিসেবে এগুলোকে আরও শক্তিশালী করা হবে।
তিনি জানান, স্বাস্থ্যকর্মীদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি মেডিকেল শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন করা হবে এবং চিকিৎসা বর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনাও নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে দালালমুক্ত করার কথাও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার এবং জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ। অনুষ্ঠানে দুস্থ শিশু, আন্দোলনে আহত ব্যক্তিদের পরিবার এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।