আওয়ার টাইমস নিউজ।
নিউজ ডেস্ক: অসুস্থতার অজুহাতে পদত্যাগের সুযোগ না দিয়ে ফ্যাসিস্টের দোসর ও দুর্নীতিবাজ রাষ্ট্রপতি চুপ্পুকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ নাহিদ ইসলাম। তিনি সতর্ক করে দিয়ে বলেন, তাকে কোনোভাবেই বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।
শুক্রবার রাতে নেত্রকোনার পুরাতন ডিসি অফিস মাঠে এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এর আগে খালিয়াজুরি ও মোহনগঞ্জ উপজেলায় আয়োজিত পদযাত্রায় অংশ নেন তিনি।
বক্তব্যে তিনি ক্ষমতাসীন দলের নীতি ও কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচনের আগে ৩১ দফার মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় আসার পর তা ভুলে যাওয়া হয়েছে। বর্তমানে সারা দেশে দখলদারিত্ব, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং ভুয়া মামলা দিয়ে বাণিজ্যের সংস্কৃতি তৈরি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সংসদে সদস্য সংখ্যা কম হলেও ন্যায্যতা ও জনস্বার্থের আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি সংসদে এবং রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে যাবে বলে তিনি জানান।
সমাবেশে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেন, দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানের দখলদারিত্ব ও মাদকের কারবার বৃদ্ধি পেয়েছে। এই অনিয়ম ও মাদকের সিন্ডিকেটের বিরুদ্ধে সমন্বিত লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
নেত্রকোনা জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী ইফতিখার শামীমের সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে দলের অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।