আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় ভারতের পতাকাবাহী দুটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ভারতের সরকারি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালিতে ইরানের নৌবাহিনীর একটি টহল জাহাজ থেকে ভারতীয় দুই জাহাজের দিকে গুলি চালানো হয়। ঘটনার সময় জাহাজে থাকা নাবিকরা নিরাপদে ছিলেন এবং কোনো প্রাণহানি ঘটেনি। তবে নিরাপত্তাজনিত কারণে জাহাজ দুটি তাদের নির্ধারিত গন্তব্যে না গিয়ে ফিরে আসে।
হামলার শিকার জাহাজ দুটি হলো জগ অর্ণব এবং সানমার হেরাল্ড। ঘটনার পর ভারত সরকার দ্রুত কূটনৈতিক পদক্ষেপ নেয়। দিল্লিতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তলব করে ভারতীয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করে। একই সঙ্গে ভারতের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়, ভারতীয় বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে।
অন্যদিকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড আবারও হরমুজ প্রণালির ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখার ঘোষণা দিয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজ চলাচলের ওপর অবরোধ দিয়ে সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছে।
ইরানি পক্ষের মতে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই জলপথে কঠোর নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে।
বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের বড় অংশের জ্বালানি পরিবাহিত হয়। তাই এই এলাকায় যেকোনো সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক উত্তেজনা ও হামলার ঘটনায় এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আবারও অনিশ্চিত হয়ে পড়েছে।
সূত্র: এনডিটিভি, আল জাজিরা