আওয়ার টাইমস নিউজ।
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুটি তেলবাহী জাহাজ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় একজন ভারতীয় নাবিক নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।
ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওমানের আঞ্চলিক জলসীমায় অবস্থানকালে আল বাহিয়া ও মোমবাসা নামের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা হয়।
হামলায় মোমবাসা জাহাজে কর্মরত এক ভারতীয় নাবিক নিহত হন। এছাড়া ছয়জন ভারতীয় ও দুইজন ইউক্রেনীয় নাগরিক আহত হয়েছেন বলে জানানো হয়েছে।
হামলার ফলে দুটি জাহাজেই আগুন ধরে যায়। তবে পরে উদ্ধারকারী দল পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আগুন নেভাতে সক্ষম হয়।
ইউএইর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। জাতীয় নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার বিরুদ্ধে যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে ইউএইর পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং নিহত ভারতীয় নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। একই সঙ্গে ভারত সরকারের প্রতিও শোকবার্তা পাঠানো হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্য করে হামলা এবং হরমুজ প্রণালীকে রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ সৃষ্টির উপায় হিসেবে ব্যবহার করা আন্তর্জাতিক নৌপরিবহনের জন্য গুরুতর হুমকি। এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক স্থিতিশীলতার পাশাপাশি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকেও ঝুঁকির মধ্যে ফেলছে।
সূত্র: সিএনএন