আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশজুড়ে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে, যা পরিস্থিতির ভয়াবহতাকে আরও স্পষ্ট করে তুলেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১১ এপ্রিল সকাল ৮টা থেকে ১২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের ক্ষেত্রে হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে, আর বাকি ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত মোট ২৮ শিশুর মৃত্যু হয়েছে সরাসরি হামে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৫১ শিশু।
এদিকে আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬৮ শিশু। এর মধ্যে ১৫০ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।
এ পর্যন্ত দেশে মোট হামে আক্রান্ত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৬৩৯ জনে। আর সন্দেহজনক লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১০ হাজার ২২৫ শিশু। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭ হাজার ৬৫৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।