আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দেশে হাম পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের শরীরে এই রোগের লক্ষণ শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এর আগের দিনও পরিস্থিতি ছিল উদ্বেগজনক। সোমবার (১৩ এপ্রিল) হাম ও এর উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়, যার মধ্যে ২ জনের ক্ষেত্রে সরাসরি হাম রোগ নিশ্চিত করা হয়েছিল।
সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ২ হাজার ৮৯৭ জনের শরীরে এই রোগ নিশ্চিত করা হয়েছে।
এছাড়া একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৫২ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ায় অভিভাবকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন। সময়মতো টিকা গ্রহণ এবং প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।