আওয়ার টাইমস নিউজ।
ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ১৬ বছর পর দেশে আবারও শুরু হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার (১৫ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে।
এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন দেওয়া হয় এবং পরে সংশ্লিষ্ট অধিদপ্তর বিস্তারিত রুটিন প্রকাশ করে।
প্রকাশিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘণ্টা ধরে চলবে।
তবে তিন পার্বত্য জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে ভিন্ন সূচিতে পরীক্ষা নেওয়া হচ্ছে। এসব এলাকায় ১৭ এপ্রিল গণিত দিয়ে পরীক্ষা শুরু হয়ে ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের মাধ্যমে শেষ হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় রাখা হয়েছে।
উল্লেখ্য, দেশে সর্বশেষ পূর্ণাঙ্গ প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০০৮ সালে। এরপর ২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) চালু হওয়ায় এই পরীক্ষা বন্ধ হয়ে যায়। মাঝখানে ২০২২ সালে একবার পরীক্ষামূলকভাবে নেওয়া হলেও পরবর্তীতে আবার স্থগিত ছিল। এবার দীর্ঘ বিরতির পর পুনরায় এই পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে নতুন আগ্রহ তৈরি হয়েছে।