আওয়ার টাইমস নিউজ।
অর্থনীতি ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ভরিতে আরও কমানো হলো স্বর্ণের নতুন দাম। এতে ক্রেতাদের মধ্যে কিছুটা স্বস্তি তৈরি হলেও বাজারে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৫০ টাকা।
সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং সভায় তেজাবি স্বর্ণের আন্তর্জাতিক বাজারদরের পরিবর্তন বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নতুন দর অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ৪৩৬ টাকা। ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৭৮ হাজার ৬৯২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫০৮ টাকা।
বাজুস আরও জানিয়েছে, স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট সরকারী কোষাগারে জমা দিতে হবে। পাশাপাশি অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরিও আলাদাভাবে যুক্ত হবে।
বাজার বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাবেই দেশীয় বাজারে বারবার স্বর্ণের মূল্য সমন্বয় করা হচ্ছে।